নিঃসঙ্গ আর্তনাদ
- ইসমাইল আহসান তুহিন
আদালতহীন এই ভূখণ্ডে,
কার কাছে দেব নালিশের বয়ান?
যেখানে নালিশই নিষিদ্ধ,
সেখানে বিচারের আশা তো এক প্রাচীন বিভ্রম।
আমার অভিমান—
একলা ঘরে ঝরে পড়া বকুল,
যার ঘ্রাণ নেওয়ার মতো কোনো নাসিকা নেই,
যার ঝরে যাওয়া বোঝার মতো কোনো চোখ নেই।
একটু চিৎকার করে কাঁদবো?
পৃথিবীর সব দেয়াল আজ বড্ড সজাগ;
আর্তনাদের প্রতিধ্বনি ফেরার কোনো পথ নেই।
অবশেষে এক চিমটি শান্তির খোঁজে—
কোথাও কোনো আশ্রয়ী কোল নেই,
একটু মাথা গোঁজার মতো পবিত্র জমিন নেই।
আসলে অসহায়ের আর্তনাদ বেশিদূর পৌঁছায় না।
তার কষ্ট, ক্ষোভ, আর্তচিৎকারের গন্তব্য হয়ে দাড়ায়
নিয়মিত নিশীথের নোনাজলে ভেজা দাগভরা বালিশ পর্যন্ত।
আমি একাই আমার শ্মশান,
আমি একাই নিজের মৃতদেহ।
©নিঃসঙ্গ আর্তনাদ
২৫ চৈত্র ১৪৩২ বাংলা
০৮ এপ্রিল ২০২৬ ইংরেজি
মঠবাড়ীয়া, পিরোজপুর।
#তুহিনেরকলম
০৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।